নোয়াখালীর সেনবাগে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সেনবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বোর্ড অফিস-সংলগ্ন আঞ্জু ব্রিক ফিল্ড রোডের আব্দুল আউয়াল ফার্নিচার দোকানের সামনে এবং পৌরসভার আতব আলী হাজী বাড়ি এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—সেনবাগ উপজেলার উত্তর শাহাপুর (ডায়রী বাড়ি) এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম প্রকাশ সোহাগ (৪০), অষ্ট্রদ্রোন আতব আলী হাজী বাড়ি এলাকার আবদুল ওহাবের ছেলে মো. গোলাম কবির রুবেল (৩৮) এবং দক্ষিণ কাদরা এলাকার মুন্না মাস্টারের বাড়ির মো. সুমন (৩২)।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জাহিদুল ইসলাম প্রকাশ সোহাগ তালিকাভুক্ত ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সেনবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
অন্যদিকে ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে গোলাম কবির রুবেল ও মো. সুমনকে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
অভিযানে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন