রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা-পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।
ওসি জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন শাহ আলী মাজার এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন। অর্থের বিনিময়ে তারা হামলায় অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে। অভিযোগ রয়েছে, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেন্টারে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে তারা মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। একপর্যায়ে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ স্থাপনাটির বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়।
সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে। তবে মামলার এজাহারের কপি এখনো হাতে পৌঁছায়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার।
১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা নিশ্চিত করতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন