ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর ছয়জনের মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি বা পদদলিত হয়ে কারও মৃত্যুর কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে এ ধরনের কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে।
বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশনে ছয়জন নিহত হওয়ার খবর প্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিভাগীয় কমিশনার বলেন, পুরোপুরি নিশ্চিত না হয়ে এ ধরনের তথ্য প্রকাশ করা ঠিক নয়। অসমর্থিত খবর ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।
তিনি জানান, হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গের তথ্যের পাশাপাশি তাঁর কাছে আরও একটি মৃত্যুর তালিকা রয়েছে। সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের পর প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
এদিকে সোমবার রাতে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান সাংবাদিকদের বলেন, তিনিও ছয়জনের মৃত্যুর খবর শুনেছেন। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটের নিয়ন্ত্রণ কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন