চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সাইদুর রহমান সাদ্দাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে রাতের টহল চলাকালে চিকদাইর গ্রামের হযরত উজির আলী শাহ ঈদগাঁ মাঠের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালান। এ সময় সাইদুর রহমান সাদ্দামকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের সময় তার হেফাজতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ১২০টি স্যালাইনের প্যাকেটে রাখা মোট ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়। সাইদুর রহমান স্থানীয় মো. ফরিদ মিয়ার ছেলে।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে তাকে মাদকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ওসি আরও বলেন, রাউজানকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন