বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আইয়ুব আলী।
নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন