চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরের রেলওয়ে পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, খেলাধুলাকে এখন শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখার সুযোগ নেই। মেধা ও যোগ্যতা থাকলে খেলাধুলাকে ভবিষ্যৎ পেশা হিসেবেও গ্রহণ করা সম্ভব। প্রতিভাবান শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে।
তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।
শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে আসক্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত মোবাইল আসক্তি পড়াশোনা ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তির সঠিক ও প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত রাখতে হবে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও শিক্ষার্থীদের প্রতি নিয়মিত নজর দিতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন