বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ বন্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। অভিযানে অতিরিক্ত লোড ব্যবহার, বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের অভিযোগে ছয়টি অটোরিকশার গ্যারেজের মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রোববার দিবাগত রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সিআইখোলা এলাকায় জসিম উদ্দিনের অটোরিকশা গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহার এবং পাশের একটি গ্যারেজে মিটার ছাড়া অবৈধ সংযোগ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ সংযোগ নেওয়া গ্যারেজটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বাতানপাড়া এলাকায় একই ধরনের অভিযোগে অটোরিকশা গ্যারেজের মালিক রাজাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মজিবুর রহমানের গ্যারেজে বিদ্যুৎ চুরি ও অতিরিক্ত লোড ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় শাকিলের তিনটি অটোরিকশা গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহারের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, বিদ্যুৎ আইনের ৩৮ ধারায় অভিযানটি পরিচালনা করা হয়েছে। বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. অলিউল্ল্যাহসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন