রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদপুরের বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার এবং বাদল ওরফে কাইল্লা বাদল। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার দেওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তবে পুলিশ জানিয়েছে, টিটন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হলেও বর্তমানে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়নি। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুনের ভাষ্য, রাজধানীর বসিলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় দায়ের করা মামলায় তারা পলাতক ছিলেন। ওই মামলার তদন্তের সূত্র ধরেই প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।
পুলিশের তথ্যমতে, রিপন ও বাদলের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও দখল-বাণিজ্যসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গ্যাং হোতা এ্যালেক্স ইমন হত্যা মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে টিটন হত্যা মামলার এজাহারে বসিলার পশুর হাটের ইজারা নিয়ে বাদলসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধের কথা উল্লেখ করা হয়েছিল।
গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকায় হস্তান্তরের ব্যবস্থা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন