আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে আগামী ২১ সেপ্টেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা সংশ্লিষ্টদের কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে ১৬ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে ওই সভা স্থগিত করা হয়েছে।
স্থগিত সভাটি আগামী ২১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক এবং পুলিশ সদর দপ্তরের এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকদেরও বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।
বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হবে। আগামী ২৯ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চলতি মাসেই তফসিল ঘোষণা করে নভেম্বরের মাঝামাঝি ভোট শুরু করার পরিকল্পনা করছে ইসি। প্রাথমিকভাবে সাত ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন