দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তাদের সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসায়িক যোগাযোগ তৈরির লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রদর্শনীর যৌথ আয়োজক প্রযুক্তিপণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বলেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন দেশের নিরাপত্তাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। একই সঙ্গে এটি নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি, নেটওয়ার্ক গড়ে তোলা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বৃদ্ধির সুযোগ তৈরি করবে।
তিনি বিদেশি নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান।
বিসিএসের মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, দেশের দ্রুত ডিজিটালাইজেশন ও শিল্পায়নের সঙ্গে নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও জোরদার করা প্রয়োজন। বর্তমানে নিরাপত্তার আওতা শুধু ভবন বা সম্পদ রক্ষায় সীমাবদ্ধ নয়; তথ্য, ডিজিটাল ব্যবস্থা, ব্যবসা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষাও এর অংশ।
আয়োজক প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, প্রদর্শনীতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হচ্ছে। স্মার্ট ও সংযুক্ত প্রযুক্তির ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সম্পর্কে জানার এবং নিজেদের নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে।
একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ‘অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’। এতে কর্মক্ষেত্রের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হচ্ছে।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে স্মার্ট নজরদারি ব্যবস্থা, সাইবার নিরাপত্তা প্রযুক্তি, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম, অ্যাকসেস কন্ট্রোল, নিরাপত্তা ক্যামেরা, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), স্মার্ট সফটওয়্যার এবং স্বাস্থ্য ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
তিন দিনের এ আয়োজনে বিশ্বের ১০টি দেশের প্রায় ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নিরাপত্তা কোম্পানি এবং ৫০০-এর বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
প্রদর্শনীতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, নিরাপত্তা পেশাজীবী, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
আয়োজনে নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার ও শিল্পখাতের ভবিষ্যৎ নিয়ে দুটি সেমিনারও অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সংশ্লিষ্টদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
দুটি প্রদর্শনীতেই বিনামূল্যে অংশ নেওয়া যাবে। তবে দর্শনার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন