২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার তাগিদ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এ কার্যক্রম শেষ হবে। এরপর নিবন্ধনের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই।
নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। চূড়ান্ত সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা প্রদান ও প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা রয়েছে। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনসহ মোট ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকসহ সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন