নবম জাতীয় পে-স্কেল ২০২৬ বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণির জন্য পৃথক সাতটি এসআরও জারি করা হবে। একই সঙ্গে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রজ্ঞাপন জারির পর এসব কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। পে-স্কেলের প্রজ্ঞাপনের খসড়া ইতিমধ্যে আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
নতুন পে-স্কেলে বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য পৃথক সাতটি এসআরও বা বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ থাকবে। এসব আদেশে বেসামরিক প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের বেতন-ভাতা ও সংশ্লিষ্ট বিধান আলাদাভাবে কার্যকর করার বিষয় নির্ধারণ করা হবে।
আইবাসে হবে নতুন বেতন নির্ধারণ
নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ করা হবে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে। এজন্য প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে চাকরি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রজ্ঞাপন জারির পরই বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামো প্রয়োগে যেসব কারিগরি ও প্রশাসনিক পার্থক্য রয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে পৃথক এসআরও প্রস্তুত করা হচ্ছে।
তিনি আরও জানান, সাতটি পৃথক এসআরওর মাধ্যমে বিভিন্ন শ্রেণির চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রয়োগের বিষয়গুলো নির্ধারণ করা হবে। পাশাপাশি আইবাস প্লাস প্লাসে তথ্য হালনাগাদ এবং বেতন নির্ধারণের কারিগরি প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
যে ৭ ক্ষেত্রে পৃথক এসআরও
নতুন বেতন কাঠামো কার্যকর করতে যে সাতটি পৃথক এসআরও জারি করা হবে, সেগুলো হলো—
১. সিভিল বা বেসামরিক প্রশাসন — সাধারণ বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য।
২. পুলিশ বিভাগ — পুলিশ সদস্যদের বেতন, ভাতা ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধা নির্ধারণে।
৩. বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) — বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক বিধান।
৪. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ — সরকারি ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য বেতন কাঠামো।
৫. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান — স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধান।
৬. সশস্ত্র বাহিনী — সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধার জন্য।
৭. বিচার বিভাগ — বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামো ও বিধান।
নতুন পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি অনলাইনভিত্তিক বেতন নির্ধারণ ব্যবস্থা চালু হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের প্রক্রিয়াও আরও কাঠামোবদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন