প্রথম সংসারের তিক্ততা ও নানা টানাপোড়েন পেছনে ফেলে নতুন জীবনে সুখ খুঁজে পেয়েছেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যাংকার তানজিম তৈয়বের সঙ্গে দ্বিতীয় বিয়ের এক বছর পূর্তিতে জীবনের কঠিন সময়, মানসিক লড়াই ও বর্তমান জীবনের সুখের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।
বিবাহবার্ষিকীর প্রথম প্রহর ঘরোয়াভাবে উদ্যাপন করেন শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। কেক কাটার পাশাপাশি বিশেষ মুহূর্তের কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। দীর্ঘ এক আবেগঘন বার্তায় তিনি অতীতের নানা অভিজ্ঞতা ও নতুন জীবনে সুখ খুঁজে পাওয়ার কথা জানান।
জীবনের ভুল সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে ফারিয়া লেখেন, অন্য সবার মতো তিনিও জীবনে অনেক ভুল করেছেন। তবে কিছু ভুলকে শুধু ভুল বললে হবে না; সামাজিকতা রক্ষার জন্য নিজের চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছেন বলেও জানান তিনি।
কঠিন সময় থেকে বেরিয়ে আসতে নানা চেষ্টা করেছেন জানিয়ে অভিনেত্রী বলেন, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রাগ প্রকাশ করেছেন। নিজের ও অন্যের প্রতি জমে থাকা জেদ ও কষ্ট কাটিয়ে উঠতে কাউন্সেলিং ও থেরাপিরও সহায়তা নিয়েছেন। জীবনের কয়েকটি বছর ভেতরে জমে থাকা কষ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টায় কেটে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে সেই দীর্ঘ কঠিন সময় পেরিয়ে বর্তমান জীবনকে নিজের জন্য বড় পাওয়া হিসেবে দেখছেন ফারিয়া। দ্বিতীয় বিয়েকে নিজের সৌভাগ্য উল্লেখ করে স্বামী ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ফারিয়ার ভাষ্য, আল্লাহ তাকে দীর্ঘদিন কষ্টে রাখেননি। এত বছরের কষ্টের পর তানজিমকে তার জীবনে পাঠানো এবং একটি চমৎকার পরিবারের অংশ করে দেওয়া তার জন্য বড় উপহার।
শ্বশুর-শাশুড়ির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিনেত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে নানা বিষয় ভাগ করে নেওয়া এবং ননদের সঙ্গে তানজিমকে নিয়ে হাসি-ঠাট্টা করার মতো সুন্দর সময় কাটানোর কথাও জানিয়েছেন তিনি। সবকিছুর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বার্তার শেষে ‘আলহামদুলিল্লাহ’ লেখেন ফারিয়া।
এর আগে ২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদ হয় শবনম ফারিয়ার। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংকার তানজিম তৈয়বকে বিয়ে করেন তিনি।
তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন