ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরকারকে দোষ দেন না। নানা ধরনের ব্যয় সামলাতে গিয়ে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, একদিকে সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে। এসব ব্যয়ের কারণে সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নিজের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন, যাদের সবাইকে তিনি আত্মীয়ের মতো মনে করেন। মানুষের জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
রুমিন ফারহানা বলেন, আল্লাহ যদি পোড়া বাজেটও তাঁর হাতে দিতেন, তাহলে তিনি সেটিকে সোনা দিয়ে মুড়িয়ে দিতেন। জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি আল্লাহর দেওয়া সুযোগ হিসেবেও উল্লেখ করেন।
দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতাকর্মীদের মোবাইল ফোনের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, মোবাইলের দিকে তাকালেই বোঝা যাবে, তিনি ঘুমিয়ে নেই; সংসদে কিংবা এলাকায় কোথাও না কোথাও জনগণের জন্য কাজ করছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন