চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে সকালে ক্যাম্পাসে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা।
আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। তাদের শাটডাউন কর্মসূচির কারণে কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতিবাদের অংশ হিসেবে গ্রাফিতি ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করা হয়েছে। তাদের দাবি, অধ্যাপক সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে পুনর্বহাল করতে হবে।
এর আগে শুক্রবার নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রাতে নতুন উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে মূল ফটকে তালা দিয়ে পালা করে পাহারাও দেন তারা।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। ২৪ সেপ্টেম্বর ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে অনলাইনে যোগদান করেন তিনি।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চুয়েট শিক্ষক সমিতি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনও শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে।
শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন