২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, ২৪ সেপ্টেম্বর নিয়মিত কার্যক্রম; ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের অবকাশের সুযোগ
দেশের আকাশে শনিবার (১২ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নিয়মিত কার্যক্রম চলবে।
এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর কেউ ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
তবে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি নেই। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও এ দিনটি সাধারণ ছুটি হিসেবে অন্তর্ভুক্ত নয়। ফলে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলো এদিন স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পড়েছে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
তবে বিশ্ববিদ্যালয়গুলো এ ছুটির আওতার বাইরে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নিজস্বভাবে নিতে পারে। তাই কোনো বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকতে পারে, আবার কোথাও স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন