বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চাওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির বিদ্যালয় ও পরিদর্শন শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, মাউশির বিদ্যালয় ও পরিদর্শন শাখার অধীন ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদানকারী সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে দুই সেট হার্ডকপি আকারে অধিদপ্তরে পাঠাতে হবে।
যেসব কাগজপত্র দিতে হবে
পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের গত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জমা দিতে হবে।
এ ছাড়া বিভাগীয় বা ফৌজদারি মামলা এবং অডিট আপত্তি নেই—এ মর্মে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া প্রত্যয়নপত্র দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে চাকরি সন্তোষজনকভাবে সম্পন্ন করার প্রত্যয়নপত্রও জমা দিতে হবে।
বিদ্যালয় ও পরিদর্শন শাখার আওতাধীন সব অঞ্চলের আঞ্চলিক উপপরিচালকদের এসব তথ্য ও কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন