বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। সর্বশেষ ছয়টি বিজেএস পরীক্ষার মধ্যে পাঁচটিতেই মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।
এর আগে ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম স্থান অর্জন করেন রাবির আইন বিভাগের শিক্ষার্থীরা। ফলে সাম্প্রতিক ছয়টি পরীক্ষার মধ্যে পাঁচবারই দেশসেরা হয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬তম বিজেএস পরীক্ষায় প্রথম হন নুসরাত জেরিন জেনী। ১৫তম পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন আশিকুজ্জামান। ১৪তম বিজেএস পরীক্ষায় সুমাইয়া নাসরিন শামা এবং ১৩তম পরীক্ষায় শিউলী নাহার প্রথম স্থান অর্জন করেন। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
১৮তম বিজেএসে প্রথম হয়ে নিজের অনুভূতি প্রকাশ করে আরিফুল করিম সিয়াম বলেন, নিজের সামর্থ্য অনুযায়ী ভালো করার চেষ্টা করেছেন তিনি। ফলাফলকে মহান আল্লাহর দান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই হয়তো তার চেয়েও বেশি যোগ্য ছিলেন, তবে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।
আইন বিভাগের জুনিয়র শিক্ষার্থীদের উদ্দেশে সিয়াম বলেন, দীর্ঘ প্রস্তুতির পথে ধৈর্য হারানো যাবে না। প্রতিদিন একই রকম সাফল্য নাও আসতে পারে। কখনো ঘাটতি থাকবে, আবার কখনো ভালো ফল আসবে। তবে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই ও প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে রাবির আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু বলেন, বিভাগ থেকে আবারও দেশসেরা হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। সিয়ামসহ ১৮তম বিজেএসে উত্তীর্ণ ২০০ জনকে অভিনন্দন জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের ধারাবাহিক এই সাফল্য বাংলাদেশের বিচার বিভাগে তাদের একাডেমিক প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক সক্ষমতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন