দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৮৩ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০০ জনের। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৮১ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৫১ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।
দেশে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর তথ্য প্রকাশ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন